একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের অধীন ১ হাজার ১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে জেলার অধীনস্থ সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর শাখার আওতাভুক্ত ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, বগুড়ার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটির অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২টি পৌরসভার অধীন ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে একযোগে ১১৮৮টি ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, দীর্ঘদিন ধরে এসব কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে পুনর্গঠন করা হয়নি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
তিনি জানান, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিওডি বাংলা/জা







