গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ, ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ১১ এপ্রিল

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনটি ইউনিটে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ মার্চ) গুচ্ছ ভর্তি কমিটির নেতৃত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৭ মার্চ (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ এপ্রিল (শুক্রবার) একই সময়ে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা গ্রহণ করা হবে।
১০ এপ্রিল দুটি পৃথক শিফটে ‘এ’ ইউনিট এবং আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা নেওয়া হবে।
সবশেষে ১১ এপ্রিল (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এবারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে — ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/আ







