বরিশাল সিটি করপোরেশন: আলোচনায় শিরিন-আলাল

গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের পর বরিশালেও শুরু হয়েছে এ পদ পাওয়ার আলোচনা। স্থানীয় ও জাতীয় পর্যায়ের কয়েকজন বিএনপি নেতা এ নিয়ে তৎপরতা শুরু করেছেন। তবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটি নামই বেশি আলোচনায় রয়েছে।
তিনি হলেন আইনজীবী বিলকিস জাহান শিরিন। বর্তমানে তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রশাসক নিয়োগ দেওয়া হোক কিংবা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী—দুই ক্ষেত্রেই শিরিনকে চান বরিশালের অনেক স্থানীয় নেতা-কর্মী। তবে প্রশাসক পদ পাওয়ার আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালও।
সর্বশেষ ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তৎকালীন সরকারের পতনের পর নগর পরিষদ ভেঙে দেওয়া হয়। এরপর প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিভাগীয় কমিশনার। বর্তমানে এ দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান।
আইনজীবী বিলকিস জাহান শিরিন বরিশাল সরকারি বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা চলাকালে ১৯৮৪ সালে তিনি ছাত্রদলে যোগ দেন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী মিলনায়তন সম্পাদক মনোনীত হন। ১৯৯০ সালে একই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯১ সালে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি মনোনীত হন। পরে ১৯৯৬ সালে বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে বরিশাল জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হন। ২০০৯ সালে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১১ সালে বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পান। এর আগে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন তিনি।
অন্যদিকে মোয়াজ্জেম হোসেন আলাল ১৯৭৮ সালে বরিশাল জেলা যুবদলে যোগ দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে তিনি যুবদলের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বরিশাল নগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম বলেন, দলের জন্য কে কোথায় কী অবদান রেখেছেন তা ভালো করেই জানেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের ছয়টি সিটি করপোরেশনে যাদের প্রশাসক করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখলেই বিষয়টি পরিষ্কার বোঝা যায়। তাই বরিশালেও এমন কাউকেই দায়িত্ব দেওয়া হবে, যিনি ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতা। তৃণমূলের মতামত বিবেচনা করলে অনেকেই সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নামই বলবেন।
বরিশাল জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু বলেন, আমরা চাই এমন একজনকে প্রশাসক বা মেয়র পদে দায়িত্ব দেওয়া হোক যিনি এই মাটির সন্তান এবং দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। বরিশালে এমন একজন নেতা আছেন, তিনি বিলকিস জাহান শিরিন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। বহু মামলা ও হামলার শিকার হয়েছেন, এমনকি কারাবরণও করেছেন। তাই এই পদটি তার জন্য প্রাপ্য বলেই মনে করেন অনেক নেতা-কর্মী।
ভিওডি বাংলা/আ







