গলাকাটা অবস্থায় উদ্ধার, সেই শিশু ইরা মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি দুর্গম এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের মেয়েটি ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) চমেক হাসপাতালের জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের মধ্যে শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি কুমিরায়। কিন্তু তাকে উদ্ধার করা জায়গাটি তার বাড়ি থেকে অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। এত দূর একা শিশুর চলাচল সম্ভব নয়, তাই ধরে নেওয়া হচ্ছে কেউ শিশুটিকে ফুসলিয়ে সেখানে নিয়ে এসেছে।
শিশুটি উদ্ধার হওয়ার সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা আহত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তারা তাদের পরনের কাপড় দিয়ে শিশুটির গলার রক্ত বন্ধ করার চেষ্টা করেন এবং দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তারা আশপাশের এলাকার মানুষ ও সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়া স্থানীয় প্রশাসন শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তদারকি করছে।
ভিওডি বাংলা/জা







