চুজি ইমেজ ভেঙে কাজে ব্যস্ত মানতাশা

একসময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে তাঁর উপস্থিতি তুলনামূলক কম।
নাটক কিংবা বিজ্ঞাপন—সব ক্ষেত্রেই বেশ বেছে বেছে কাজ করেন এই লাক্সতারকা। অনেক প্রস্তাব পেলেও মন না চাইলে কাজ করেন না। তবে এখন অভিনয়ে আরও বেশি সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
একটি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মানতাশা বলেন, “শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরও বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা। তাই মনের মতো না হলে সেটা আমাকে টানত না।”
তবে বর্তমানে কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উপলব্ধি করছেন জানিয়ে তিনি বলেন, “এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার। ইতিমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরও কিছু রয়ে গেছে।”

সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। এর মধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খান–এর সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাব রয়েছে। তবে সেটি এখনো প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সিনেমা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। তাঁর ভাষ্য, “প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।”
কাজের বাইরে ব্যক্তিজীবনে বেশ শান্ত স্বভাবের মানতাশা অবসর সময়ে সিনেমা ও সিরিজ দেখেন। তিনি বলেন, “আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে কিছু মানুষ সব সময় আমার খোঁজখবর নেন। আমার ছোট্ট ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল বা চটকদার সংবাদ দেখিনি—এ দিক থেকেও আমি অনেক ব্লেসড।”
সম্প্রতি আইসক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। কিছু বিজ্ঞাপন ইতোমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।
উল্লেখ্য, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি।
ভিওডি বাংলা/আ







