ঢাকা আসছে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১০-১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থান করবেন।
‘সফরকালে পাকিস্তানের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ বিষয়ে সহযোগিতা চেয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ-এফবিসিসিআই-এর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দেবেন এফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ ও সিনিয়র সহ-সভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।
এদিকে, ৬ জানুয়ারি ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এই প্রতিনিধি দলটির সদস্যরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
জানা গেছে, বৈঠকে বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনাসহ দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে।
প্রসঙ্গত, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য ভিসা ফি মওকুফ করেছে ইসলামাবাদ। এই সময়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্যও বেড়েছে।







