বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা, সতর্ক করল আইইএ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলার প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক তেল রপ্তানি দৈনিক ৩৭ লাখ ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক তেল রপ্তানি ও সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আইইএর তথ্য অনুযায়ী, জুন মাসে বিশ্বে দৈনিক তেল সরবরাহ ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা এখনো সংঘাত-পূর্ব সময়ের তুলনায় কম রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক প্রায় ৮ লাখ ৬০ হাজার ব্যারেলের ঘাটতি থাকতে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী তেলের দৈনিক চাহিদাও প্রায় ১০ লাখ ব্যারেল কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক প্রায় ৭৫ লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করছে আইইএ।
বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। ফলে এ নৌপথের নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য