• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিয়ে করলেন বিশ্বসেরা ইউটিউবার মিস্টার বিস্ট

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

ইউটিউবের দুনিয়ায় বিশাল আয়োজন, চমক আর আকাশছোঁয়া বাজেটের জন্য পরিচিত বিশ্বের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে বেশি পরিচিত। কিন্তু নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন পথ। সব জাঁকজমক থেকে দূরে, পারিবারিক ও ঘনিষ্ঠ পরিবেশেই দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করেছেন এই ২৮ বছর বয়সী তারকা।

মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান মিস্টার বিস্ট। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’

বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের সামনে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করলেও নিজের বিয়েকে তিনি রেখেছেন সম্পূর্ণ ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষকে নিয়েই অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের দিন থিয়া বয়সেনকে দেখা যায় আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম নকশায় তৈরি একটি মার্জিত গাউনে। অন্যদিকে মিস্টার বিস্ট পরেছিলেন সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই যা তার সাজে এনে দেয় ধ্রুপদী আভিজাত্য।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি বলেছিলেন, ‘আমার বন্ধুরা ভেবেছিল আমি হয়তো সুপার বোউলের মতো বিশাল কোনো পাবলিক প্লেসে জাঁকজমকভাবে বিয়ের প্রস্তাব দেব। কিন্তু আমি জানতাম, আমি এর ঠিক উল্টোটা চাই একেবারে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্ত হিসেবে এটিকে ধরে রাখতে।’

জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে। পরে সামাজিক মাধ্যম এক্সে থিয়ার লেখা ‘দ্য মার্কড চিলড্রেন’ বই পড়ার আগ্রহ জানিয়ে তাকে বার্তা পাঠান জিমি। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমে।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন।

বিয়ের আগেই নিজেদের সম্পর্ক নিয়ে থিয়া বলেছিলেন, ‘আমার মনে হয় আমরা তো মানসিকভাবে আগেই বিবাহিত। আমরা আমাদের সন্তান এবং ৭০ বছর বয়সে কীভাবে একসঙ্গে থাকব সেসব নিয়ে কথা বলি। এই আনুষ্ঠানিকতা কেবল আমাদের সম্পর্কের আরেকটি ধাপ মাত্র।’

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
‘আমি তো বান্ধবী বানাইনি, বানিয়েছেন আপনারা’
ছবি: সংগৃহীত
আবারও পর্দায় ফিরছেন তাহসান খান
ছবি: সংগৃহীত
কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা