বহুল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায়

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। দীর্ঘ চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে নিহত শিশুর পরিবার।
সোমবার (৬ জুলাই) সকালে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে তিন দফা রায় ঘোষণার তারিখ পরিবর্তন করে ৬ জুলাই নির্ধারণ করা হয়।
নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া নোতথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।
ঘটনার পর নোয়াখালীজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই স্থানীয়রা দ্রুত বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য