• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হালান্ড ঝড়ে ভাঙল ব্রাজিলের হেক্সা স্বপ্ন

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৪:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পেল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের দুর্দান্ত নৈপুণ্যে বারবার ব্যর্থ হন ব্রুনো গিমারাইস, এন্দ্রিকরা। আর শেষ ১০ মিনিটে আর্লিং হালান্ডের ঝড়ে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

এই জয়ে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে নরওয়ে। হালান্ডের জোড়া গোলে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠায় নরওয়ে। তবে আলিসন বেকারকে পরাস্ত করে প্যাট্রিক বার্গের করা গোলটি অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।

এরপর ১০ম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। বক্সের ভেতরে মাতেউস কুনিয়াকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ব্রুনো গিমারাইসের নেওয়া স্পটকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।

পেনাল্টি মিসের পরও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে মাতেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট নরওয়ের রক্ষণভাগ প্রতিহত করলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে একাদশে দুটি পরিবর্তন আনে নরওয়ে। মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। অন্যদিকে ৫৮তম মিনিটে কুনিয়ার বদলে এন্দ্রিককে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস ধরে একা গোলরক্ষকের সামনে পৌঁছেও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

৬২তম মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন রায়ান। এবারও ব্রাজিলের সামনে দেয়াল হয়ে দাঁড়ান নিল্যান্ড। এক মিনিট পর আরেকটি ভালো সুযোগ নষ্ট করেন গিমারাইস।

ম্যাচের ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার সঙ্গে দানিলোকেও নামান আনচেলত্তি। তবে আক্রমণে নতুন গতি এলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা।

শেষ পর্যন্ত ৭৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে দুর্দান্ত হেডে আলিসনকে পরাস্ত করে নরওয়েকে এগিয়ে দেন তিনি।

এরপর ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে এবং কার্যত নিশ্চিত হয়ে যায় তাদের কোয়ার্টার ফাইনাল।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে তাতে কেবল ব্যবধানই কমে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। অন্যদিকে শেষ ষোলোর বাধাতেই থেমে যায় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত
ব্রাজিল-নরওয়ে মহারণে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে ৫ বিষয়
ছবি: সংগৃহীত
এআইয়ের চোখে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সম্ভাব্য ফল