নিঃশর্ত ক্ষমা চাইতে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে কথিত অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা গত ২ জুলাই এই নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক গ্র্যাজুয়েটদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ঐতিহাসিক অবদানকে খাটো করা হয়েছে বলে দাবি করা হয়।
আইনি নোটিশে বলা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ গত কয়েক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের দেশের বিভিন্ন সংকট ও ক্ষতির জন্য দায়ী হিসেবে উপস্থাপন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কেও বিভেদমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
নোটিশদাতার দাবি, এসব মন্তব্যের কারণে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যারিস্টার ফুয়াদকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে মূলধারার গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিষয়টি নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থে রিট আবেদন করা হবে।
নোটিশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা জমা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। দাবি অনুযায়ী, এই অর্থ শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নয়নে ব্যয় করা হবে। নোটিশদাতার ভাষ্য, দেশের শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ প্রয়োজন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য