• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয়

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ১০:৫২ পি.এম.
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে একটি সংগঠনের কার্যক্রম ও পদ-পদবি প্রচারের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, এ নামে তাদের কোনো অনুমোদিত সংগঠন নেই।

দলটির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, বিএনপির নাম, প্রতীক এবং প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কিছু ভুঁইফোঁড় সংগঠন গড়ে উঠছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিশেষ করে ৫ আগস্টের পর এসব নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল ও নানা অনিয়মের অভিযোগও পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন পদ-পদবি ঘোষণা ও সাংগঠনিক কার্যক্রমের প্রচারণা অনলাইনে ছড়িয়ে পড়েছে। কিন্তু বিএনপির অনুমোদিত সংগঠনের তালিকায় এ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এর আগে একাধিক বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া কমিটি গঠন, পদ-পদবি ঘোষণা এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

অভিযোগ রয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নাম ব্যবহার করে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে পদ দেওয়ার আশ্বাসে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কার্যক্রমের প্রচার চালানো হচ্ছে। এমনকি সংগঠনটির সঙ্গে যুক্ত থাকার দাবি করে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যা দলীয়ভাবে অস্বীকার করা হয়েছে।

নরসিংদীর মনোহরদীর ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে একটি সংগঠন মনোহরদীতে সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে কমিটি দেয়া হয়েছে। কমিটিতে পদ দেয়ার নামে অনেকের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। আর্থিক লেনদেন নিয়ে বিতর্কিত হওয়ায় কমিটি থেকে অনেককে বাদ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে কোনো অনুমোদিত সংগঠন নেই। তারা নেতাকর্মীদের এমন ভুয়া সংগঠনের সঙ্গে যুক্ত না হওয়ার এবং অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

বিএনপির বর্তমান অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন হলো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এর বাইরে কোনো সংগঠনকে বিএনপি স্বীকৃতি দেয় না।

বিএনপির নির্বাহী কমিটির দপ্তর-দায়িত্বপ্রাপ্ত সদস্য তারিকুল ইসলাম তেনজিং বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে বিএনপির কোনো সংগঠন নেই। বিএনপির নামে বিভিন্ন ভুয়া সংগঠন তৈরি হয়েছে। এ বিষয়ে আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ সংগঠন খুলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একইভাবে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে বিএনপির কোনো সংগঠন নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে সংগঠন খুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: বিরোধীদলীয় নেতা
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না