• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৫:১৬ পি.এম.
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) রাজধানীর পিজিআর সদর দপ্তরে দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআরের কমান্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এরপর রাষ্ট্রপতি পিজিআরের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য সদস্যদের উদ্দেশে দরবারে বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

বক্তব্যে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় নিহত পিজিআরের পাঁচ সদস্যসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সব সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে পিজিআর সদস্যদের আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পিজিআর সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখবেন।

পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দপ্তরে আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সেনাবাহিনী প্রধান ও পিজিআরের কমান্ডার তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পিজিআরের গার্ড দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পিজিআর সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় পিজিআর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

প্রধানমন্ত্রী পেশাগত দায়িত্ব পালনে পিজিআরের সদস্যদের পরিশ্রম, শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটির সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল পুলিশ কর্মকর্তারা, ৩৩ ডিসি আতঙ্কে
ছবি: সংগৃহীত
এনবিআরের নামে প্রতারণা, করদাতাদের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর