টপ নিউজ
এনবিআরের নামে প্রতারণা, করদাতাদের সতর্কবার্তা
ভিওডি বাংলা ডেস্ক
৫ জুলাই ২০২৬, ০৫:৩০ পি.এম.

ছবি: সংগৃহীত
কর ফাইল অডিটের ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারকচক্র। এমন অভিযোগ সামনে আসার পর করদাতাদের সতর্ক থাকতে বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে চার দফা নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এনবিআর বলছে, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কর ফাইল অডিটে পড়েছে বলে জানিয়ে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করছে।
এ পরিস্থিতিতে করদাতাদের সচেতন থাকার পরামর্শ দিয়ে এনবিআর জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, কর সংক্রান্ত বকেয়া বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।
এ ধরনের সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।
করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এনবিআর কাজ করছে উল্লেখ করে সংস্থাটি জানায়, প্রতারকচক্রের ফাঁদ থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য