সেরাকণ্ঠের মুগ্ধ এবার প্রশাসনের ক্যাডার

মির্জা তানজিম শরীফ মুগ্ধ ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের নজরে আসেন। সংগীতশিল্পী হিসেবে পরিচিত সেই মুগ্ধ এবার যুক্ত হচ্ছেন প্রশাসনে। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান পাওয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন এই তরুণ।
মঙ্গলবার (৩০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মুগ্ধ।
ফেসবুক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, দীর্ঘ পরিশ্রম ও নানা চ্যালেঞ্জের পর এই অর্জন তার জীবনের বড় প্রাপ্তি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা তাকে আলাদা আত্মতৃপ্তি দিয়েছে এবং সেই অনুভূতির মূল্য কখনও কমবে না।
২০১৯ সাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুগ্ধ। শিক্ষকতার পাশাপাশি বিসিএস প্রস্তুতি চালিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।
মুগ্ধর সাফল্যের পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জনের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করেন।
শুধু পড়াশোনাই নয়, গণিত অলিম্পিয়াডেও ছিল তার উল্লেখযোগ্য সাফল্য। ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন তিনি। এছাড়া জাতীয় গণিত অলিম্পিয়াডে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তার।
সংগীত, গণিত, বিজ্ঞান ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সমান দক্ষতা দেখিয়েছেন মুগ্ধ। উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন এবং বিজ্ঞানভিত্তিক নানা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন তিনি। বুয়েটে ভর্তি হওয়ার আগেই তার ঝুলিতে ছিল কয়েক ডজন জাতীয় পুরস্কার।
খেলাধুলাতেও পিছিয়ে ছিলেন না মুগ্ধ। স্কুলজীবনে আন্তঃস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন তিনি।
ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা একজন কলেজ শিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার একটি যমজ ভাইও রয়েছে।
সেরাকণ্ঠের মঞ্চ থেকে পরিচিতি পাওয়া এই তরুণ এবার প্রশাসন ক্যাডারে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। গান ও একাডেমিক সাফল্যের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও তিনি দক্ষতার পরিচয় দেবেন—এমন প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য