জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-
১৫ জুলাই ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
১৬ জুলাই দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি পালিত হবে।
২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স 'প্রতীকী জুলাই' অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।
২২ জুলাই জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
২৪ ও ২৫ জুলাই জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।
৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
ভিওডি বাংলা/এএইচ/এফএ








মন্তব্য