হঠাৎ সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান
ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিষয়টি রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এবার আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এ কারণে শিক্ষার্থীদের শান্ত থাকার পাশাপাশি বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার (২২ জুলাই) রাতে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান। সে সময় তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় সংকট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনকে কোনো রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের কৃতিত্ব তাদেরই প্রাপ্য।
সালমান আরও জানিয়েছিলেন, নিজেদের ভবিষ্যৎ এবং একটি উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীরা যেভাবে একত্রিত হয়েছে, তা প্রশংসনীয়। শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরার বিষয়টিও তিনি ইতিবাচকভাবে দেখেন।
তবে আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা শিক্ষাব্যবস্থার জন্য গুরুতর সমস্যা এবং শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সালমান খানের আগে বলিউড ও সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের নাম উল্লেখ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ভিওডি বাংলা/তা









মন্তব্য