বাসে হামলার জেরে কুড়িগ্রামে দুই ঘণ্টা সড়ক অবরোধ
বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে এবং চলমান বাণিজ্য মেলা বন্ধের দাবিতে কুড়িগ্রাম জেলা শহরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস শ্রমিকরা। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগে পড়তে হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে ও ঘোষপাড়া এলাকায় একাধিক বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা। পরে রাত ১১টার দিকে পুলিশ ও বাস মালিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাস শ্রমিকদের দাবি, ভুরুঙ্গামারী উপজেলা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী মা নাদিয়া পরিবহনের একটি বাস কুড়িগ্রাম শহরের দিকে আসছিল। পথে ধরলা সেতু এলাকায় বাণিজ্য মেলা থেকে বের হওয়া ৫ থেকে ৭ জন যুবক বাসটি থামানোর চেষ্টা করেন। চালক বাস না থামিয়ে সামনে এগিয়ে গেলে সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছানোর পর ওই যুবকেরা বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
শ্রমিকদের অভিযোগ, এরপর শহরের রিভার ভিউ মোড় ও জেলা শিল্পকলা একাডেমির সামনে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের ওপর হামলা চালানো হয়। মারধরে তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাস শ্রমিকরা সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তাদের একটি অংশ বাণিজ্য মেলা বন্ধেরও দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়। ওই আশ্বাসের পর রাত ১১টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য