৯৯৯-এর তৎপরতায় অপহৃতকে উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের মীরশরাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার মস্তাননগর বিশ্বরোড থেকে ৯৯৯ নম্বরে ফোন করে ভুক্তভোগীর এক স্বজন জানান, তার ভাইকে আগের দিন অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও পরে তা কমিয়ে ৫ লাখ টাকা চায়। এরই মধ্যে তারা অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়েছেন বলেও জানান তিনি।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত জোরারগঞ্জ থানায় জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয় মীরশরাই এলাকায়। এ তথ্যের ভিত্তিতে মীরশরাই থানার এসআই শাহীন আহমেদ নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে মীরশরাই থানার অন্তর্গত মিঠাছড়া বাজার এলাকা থেকে অপহৃত জসিম উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জসিম উদ্দিন (৩০) চট্টগ্রামের মীরশরাই উপজেলার ৯ নম্বর মীরশরাই ইউনিয়নের গরিয়াইশ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৮ জুন জোরারগঞ্জের মস্তাননগর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তাকে বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করে এবং পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করতে থাকে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- নাজমুল হাসান (৩২), শাকিব (২৪), মুসলিম (৩০), মোর্শেদ আলম (৪০) ও রাহাত হোসেন (২২)।
এ সংক্রান্তে মামলারুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য