দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে আগামী ১২ থেকে ১৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। চার দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি আবাসনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। ফলে সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীরা একই স্থানে বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানার সুযোগ পাবেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়।
সভাটি অনুষ্ঠিত হয় রিহ্যাব সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তিনি বলেন, আবাসন খাতের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমের সঙ্গে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলা হবে। পাশাপাশি ডিজিটাল যোগাযোগ জোরদার, তথ্যভিত্তিক প্রচার এবং গুজব প্রতিরোধে কমিটির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে প্রেস অ্যান্ড মিডিয়া কমিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন সামার ফেয়ারের প্রচার-প্রচারণা, সফল আয়োজন এবং সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
ভিওডি বাংলা/জা









মন্তব্য