• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁও লিংক রোডে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি ৮০০ কোটি টাকায় কিনতে যাচ্ছে পূবালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মিললে ভবনটিতে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থানান্তর করা হবে।

গত বুধবার অনুষ্ঠিত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ভবনটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সিদ্ধান্তের তথ্য প্রকাশ করে ব্যাংকটি।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন ২৭ তলা ভবনটি ৮০০ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। ভবনটির তিনটি বেজমেন্ট রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর চুক্তি কার্যকর হবে।

বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে। তবে সেখানে স্থান সংকুলান না হওয়ায় নতুন ও বড় পরিসরের কার্যালয়ের খোঁজ করছিল ব্যাংকটি। সেই প্রয়োজন থেকেই সুইস টাওয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং ব্যাংকঋণের চাপ কমাতে ভবনটি বিক্রির উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ। ভবন নির্মাণে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) থেকে ৩০০ কোটির বেশি টাকা ঋণ নেওয়া হয়েছিল। এছাড়া গ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানেরও উল্লেখযোগ্য ঋণ রয়েছে।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন বলেন, ‘এই ভবনে সুইসটেল হোটেল করার কথা ছিল। ভবনের মূল কাঠামো এরই মধ্যে দাঁড়িয়ে গেছে। ৩৭০টি হোটেলকক্ষ হওয়ার কথা ছিল ভবনটিতে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর আমাদের গ্রুপের তিনটি কারখানা পুড়ে যায়। এতে আমরা আর্থিক সংকটে পড়েছি। এ কারণে ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটি বিক্রি করতে পারলে আমরা বড় অঙ্কের ব্যাংকঋণ পরিশোধ করব। ভবনটি বিক্রির বিষয়ে পূবালী ব্যাংকের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

পূবালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া বলেন, ‘বর্তমানে মতিঝিলে আমাদের নিজস্ব যে ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাতে আমাদের স্থান সংকুলান হচ্ছে না। তাই আমরা বেশ কিছুদিন ধরে নতুন ভবন খুঁজছিলাম। সবকিছু মিলে যাওয়ায় সুইস টাওয়ার ভবনটি কিনে নেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা হিসাব করে দেখেছি, এই বিনিয়োগ দীর্ঘ মেয়াদে আমাদের জন্য লাভজনক।’

গত বছর কর-পরবর্তী মুনাফায় প্রথমবারের মতো এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করে পূবালী ব্যাংক। ২০২৫ সালের শেষে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা দাঁড়ায় ১ হাজার ৯০ কোটি টাকা। চলতি মাসের শুরুতে ব্যাংকটির মোট আমানতও প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত এক দশকে দেশের বেসরকারি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ধীরে ধীরে মতিঝিল ও দিলকুশা থেকে গুলশানকেন্দ্রিক হয়ে উঠছে। সুইস টাওয়ার অধিগ্রহণের মাধ্যমে সেই ধারায় যুক্ত হতে যাচ্ছে পূবালী ব্যাংক।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উৎসে কর যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ টিম
ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক
ছবি: সংগৃহীত
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি