ট্রেনে ফেলে আসা টাকাভর্তি ব্যাগ উদ্ধার করল ৯৯৯
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে নেমে ট্রেনে টাকাসহ প্রয়োজনীয় মালামালভর্তি ট্রাভেল ব্যাগ ফেলে যান এক যাত্রী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রেলওয়ে পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে জাকারিয়া নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে উঠে গফরগাঁও স্টেশনে নেমে যান। তবে ভুলবশত ট্রেনের 'ড' বগির ৫ ও ৬ নম্বর আসনের ওপরের তাকে তার ট্রাভেল ব্যাগটি রেখে নামেন।
ব্যাগে কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় ছিল। ব্যাগটি উদ্ধারে তিনি ৯৯৯-এর সহায়তা চান।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, ময়মনসিংহ রেলস্টেশন ও জামালপুর রেলওয়ে থানাকে বিষয়টি জানায়। ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল আমির হোসেন এবং পুরো উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ডিসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।
পরে জামালপুর রেলওয়ে থানার একটি দল দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছানো ট্রেনটিতে তল্লাশি চালিয়ে 'ড' বগি থেকে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে জাকারিয়াকে বিষয়টি জানানো হলে তিনি জামালপুর রেলওয়ে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের কাছ থেকে ব্যাগটি বুঝে নেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য