উৎসে কর যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ টিম

উৎসে কর সঠিকভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে বিভিন্ন কর অঞ্চলে বিশেষ টিম গঠন করে মাঠপর্যায়ে তদারকি ও তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা উৎসে কর সংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাই করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন চালাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রমের আওতায় কর্মকর্তারা প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ আর্থিক লেনদেন-সংক্রান্ত প্রয়োজনীয় নথি পরীক্ষা করবেন। পাশাপাশি কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষিত তথ্যও যাচাইয়ের সুযোগ থাকবে।
এনবিআর আরও জানায়, প্রয়োজন দেখা দিলে উৎসে কর কর্তনের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নথিপত্র, হিসাবের খাতা বা ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে জব্দ করে সংরক্ষণের ক্ষমতা রয়েছে কর কর্মকর্তাদের। একই সঙ্গে প্রয়োজনীয় নথির অনুলিপি সংগ্রহ, ইমেজ সংরক্ষণ এবং শনাক্তকরণ সিল বা চিহ্ন ব্যবহারেরও আইনি সুযোগ রয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭(২) অনুযায়ী এ ধরনের পরিদর্শন বা যাচাইকাজে বাধা সৃষ্টি কিংবা অসহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এনবিআর করদাতাদের উদ্দেশ্যে জানিয়েছে, উৎসে কর্তিত কর নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এতে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
এ ছাড়া ধারা ১৪৭ প্রয়োগ নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআর গঠিত কমিটির সদস্য সচিবের কাছে [email protected] ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অভিযোগ বা মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য