চকবাজারে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পুলিশের লুণ্ঠিত পিস্তল

রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীর চকবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় ঢাকার শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (৫ জুলাই) র্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত শুক্রবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজধানীর চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লা মোড়ের জলাপট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা পলিথিন কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কারখানার একটি মেশিনের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় সেখানে রাখা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে যাচাই-বাছাই শেষে জানা যায়, এটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংস ঘটনার সময় ডিএমপির শ্যামপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত সদস্যদের মাধ্যমে রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতা প্রতিরোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
র্যাব-১০ জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একইসঙ্গে অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য