মাজারের দানবাক্সে রহস্যময় চিঠি, আলোচনায় সারওয়ার আলম

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে অর্থ গণনার সময় নগদ টাকার পাশাপাশি একটি নাম-পরিচয়বিহীন হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটিতে সিলেট থেকে প্রত্যাহার হওয়া সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রশংসা করা হয়েছে এবং তাঁকে আবার সিলেটে ফেরানোর দাবি জানানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স (ডেক) খুলে অর্থ গণনার কার্যক্রম শুরু হয়। এ সময় দানের টাকার সঙ্গে হাতে লেখা ওই চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে কোনো প্রেরকের নাম বা পরিচয় উল্লেখ ছিল না। এতে লেখা ছিল, ‘খোকন বাটপার! সে মাজারের সকল গরু-ছাগল, হাঁস-মুরগী বেচাকেনা করে। মাজারের খাদেমের অর্ধেকের বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত-কর্মচারি চাকরিহারা। তাদের মধ্যে কিছু বর্তমানে সবজি বিক্রি করে জীবন-জীবিকা চালায়। আমি চাই তার সঠিক বিচার হউক। সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে।’
দীর্ঘ ১৯ দিন পর এদিন দ্বিতীয়বারের মতো মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণনা শেষে এবারও দানের মোট অর্থের হিসাব প্রকাশ করা হবে।
এর আগে গত ২২ জুন মাজারের আটটি ডেগ ও দানবাক্স খুলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা নগদ, ৭ আনা স্বর্ণালংকার এবং সৌদি আরবের ৫ রিয়ালের দুটি নোট পাওয়া যায়। ওই অর্থ ছিল চার দিনের দান। পরে জেলা প্রশাসকের উদ্যোগে নতুনভাবে চালু করা একটি ব্যাংক হিসাবে দানের অর্থ জমা রাখা হয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য