বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত চট্টগ্রাম, ৬ দিনে ৪৩ প্রাণহানি

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী ও অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে গত ছয় দিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ৮ লাখ ৬২ হাজার ৬১৪ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিতে তলিয়ে গেছে ২৪২ কিলোমিটার সড়ক।
শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কক্সবাজারে ২৩ জন, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা, রাঙামাটিতে তিনজন এবং বান্দরবানে ছয়জন রয়েছেন। এছাড়া পাঁচজন রোহিঙ্গাসহ মোট ৩৯ জন আহত হয়েছেন।
বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মোট ৮ লাখ ৬২ হাজার ৬১৪ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গতদের জন্য ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে এসব আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজার ৫৫ জন আশ্রয় নিয়েছেন।
দুর্গত মানুষের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চাল, নগদ অর্থ, শুকনো খাবার ও রান্না করা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বান্দরবানে ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, গ্রাউস ও সোনেসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় অতিরিক্ত ত্রাণ বিতরণের পাশাপাশি আরও ৬৮ টন চাল এবং ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য