দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে রোববার (২৮ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে ২০৪টি ফিরতি ফ্লাইটে ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
সোমবার (২৯ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৬১৭ জন রয়েছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৮টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, এবার ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এ ছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৩৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্র ২৮ হাজার ৪৪৩ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করেছে।
চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।
ভিওডি বাংলা/আ








মন্তব্য