• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রিমান্ডে থাকা মার্শাল আর্ট প্রশিক্ষক সাবিরের বিরুদ্ধে যশোরে ইজিবাইক ছিনতাই মামলা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় জঙ্গি-সংশ্লিষ্টতার সন্দেহে রিমান্ডে থাকা মার্শাল আর্ট প্রশিক্ষক শাহ আমানাত সাবিরসহ পাঁচজনের বিরুদ্ধে যশোরে এক ইজিবাইক চালককে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। প্রায় ১০ মাস আগে সংঘটিত এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ইজিবাইক চালক কমল বিশ্বাস।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন- শাহ আমানাত সাবির, ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রধান প্রশিক্ষক, আবু উসামা ফয়সাল, সুমান্না তাসিফ, ওয়ালিদ আবুল বাশার ও মাসুদ। এছাড়া অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর রাত প্রায় ১০টা ৪০ মিনিটে যশোর শহরের সারথি মোড় থেকে দুই ব্যক্তি কমল বিশ্বাসের পাঁচ ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে মধুগ্রাম যাওয়ার কথা বলেন।

পথে তেঁতুলতলা মাদ্রাসার কাছে পৌঁছালে একজন যাত্রী নেমে যান। অপর যাত্রী ইজিবাইকে বসেই মোবাইল ফোনে কথা বলে বলেন, "তোরা কোথায়? আমি ইজিবাইক নিয়ে আসছি।"

রাত সাড়ে ১১টার দিকে মধুগ্রামের একটি ফাঁকা মাঠের কাছে পৌঁছালে মুখোশধারী তিন থেকে চারজন ব্যক্তি ইজিবাইকের গতিরোধ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে বেঁধে ফেলে এবং লোহার রড দিয়ে মারধর করে পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে চালকের ইজিবাইক, নগদ ১০ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কমল বিশ্বাসের চিৎকার শুনে তাকে উদ্ধার করেন।

মামলায় কমল বিশ্বাস উল্লেখ করেন, ঘটনার পর তিনি আবু উসামা ফয়সালের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ করেন এবং বিষয়টি পুলিশকে জানান। এরপর ফয়সালের ভাই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১০ নভেম্বর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্প্রতি গণমাধ্যমের সংবাদ এবং পুলিশের মাধ্যমে জানতে পারেন, গত ৬ জুলাই ঢাকায় গ্রেপ্তার হওয়া সাবির জিজ্ঞাসাবাদে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তথ্য দিয়েছেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৫ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জঙ্গি-সংশ্লিষ্টতার সন্দেহে শাহ আমানাত সাবিরসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য গ্রেপ্তাররা হলেন— হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

গ্রেপ্তারের পর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বুধবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাবির ও তার সহযোগী হোসাইন তানিমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তাদের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।

মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন, কোনো জঙ্গি সংগঠনের জন্য নয়, বরং 'গাজওয়াতুল হিন্দ'-এর প্রস্তুতির অংশ হিসেবে তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন।

তিনি আরও জানান, 'ম্যাক ইউরি' ছদ্মনাম ব্যবহারকারী এক ব্যক্তি তাদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়েছিলেন। পরবর্তীতে সাবির খুলনায় ফাতাহ কমব্যাট সিস্টেম নামে নিজস্ব প্রশিক্ষণকেন্দ্র চালু করেন। 'ম্যাক ইউরি'র পরিচয় ও ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ চলছে।

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান, ইজিবাইক ছিনতাই মামলায় শাহ আমানাত সাবিরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। 

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
হত্যা মামলায় সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩