দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান হামিমের

টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবিটি পুনর্বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ২০২৬ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।
রোববার (১২ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।
তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।
হামিম বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন স্থান থেকে এইচএসসি পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে। আজ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে, যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলে শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক পরিকল্পনায় কিছুটা জটিলতা তৈরি হতে পারে। তবে একজন শিক্ষার্থী জীবনে একবারই এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং এর ফলাফল উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। তাই প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/আ








মন্তব্য