৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার

গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গাইবান্ধার পলাশবাড়ী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার থানায় একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস আসামি। সিআইডির আর্থিক অপরাধ তদন্ত ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ীর শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকজন ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে মন্দিরে প্রবেশ করে তাকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান জানান, একটি মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে আটক করেছে। এ ঘটনায় মন্দির এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মন্দির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, রামমূর্তি নির্মাণকে ঘিরে বিভিন্ন মহল থেকে মতামত ও প্রতিবাদ এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত কোনো পক্ষের চাপের কারণে নেওয়া হয়নি বলেও জানানো হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য