মায়ের ঘরে আগুন, সেই মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মো. মিজানুর রহমান শামিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা না পেয়ে শামিম তার মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে সাতটি টিনশেড ঘর, আসবাবপত্র এবং ব্যবসায়িক মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পর শামিমের মা মোছা. আফরোজা বেগম (৬৫) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তিনি প্রায়ই ঘরের মূল্যবান মালামাল ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এছাড়া গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আগুন লাগানোর পর শামিম দেশীয় অস্ত্র হাতে বাড়ির সামনে অবস্থান নেন এবং আগুন নেভাতে এগিয়ে এলে আশপাশের মানুষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এতে কেউ আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাননি। পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত শামিম ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য