চার দিনেও জাপান গার্ডেন সিটির ৭ ভবনে বিদ্যুৎ ফেরেনি

চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন রাজধানীর জাপান গার্ডেন সিটির কয়েক হাজার বাসিন্দা। অধিকাংশ ভবনে বিদ্যুৎ ফিরলেও এখনো সাতটি ভবনে সংযোগ চালু না হওয়ায় বিপাকে রয়েছেন বাসিন্দারা। পানি সংকট থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে জাপান গার্ডেন সিটিতে গিয়ে দেখা যায়, মোট ২৬টি ভবনের মধ্যে ১৯টিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এখনো সাতটি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।
বিদ্যুৎ না থাকায় ভোগান্তির চিত্র তুলে ধরে বাসিন্দা তৌহিদুর রহমান বলেন, ‘এসি, ফ্যান বন্ধ। ভ্যাপসা গরমে দুই শিশু অসুস্থ হয়ে পড়ছে। চার দিন ধরে বিদ্যুৎ নেই। ফ্রিজের ২৬ কেজি মাংস পচে গেছে। জেনারেটর দিয়ে কিছুটা সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু মাঝেমধ্যে সেটাও বন্ধ রাখছে। ফলে জরুরি প্রয়োজনে ওপর থেকে নামব বা ওপরে উঠব, সেই উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা কমার্শিয়াল রেটে বিদ্যুৎ বিল দিই। অথচ চার দিন আমরা অন্ধকারে। এই অব্যবস্থাপনার জন্য সিটি জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অযোগ্যতাই দায়ী।’
জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ বিদ্যুৎ উপকেন্দ্রের কারিগরি ত্রুটি মেরামতের পর ১৯টি ভবনে বিদ্যুৎ ফিরে আসে। তবে সাতটি ভবনের অভ্যন্তরীণ সংযোগে ত্রুটি থাকায় সেখানে এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওই ভবনগুলোর বাসিন্দারা পানি সংকটেও পড়েছেন। রান্না, গোসল, টয়লেট ব্যবহারসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তির মুখে পড়েছেন তারা। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
২০ নম্বর ভবনের বাসিন্দা মাসুম খন্দকার বলেন, ‘ফ্রিজের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। বেশকিছু জিনিস আশপাশের যাঁরা নিকটাত্মীয় আছেন, তাঁদের বাসায় পাঠিয়েছি। তবে এভাবে বসবাস করা খুব অসহনীয়। একটা সমস্যা এত দিন ধরে চলা অস্বাভাবিক।’
বাসিন্দাদের ভাষ্য, ৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ ফিরে আসে। তবে এখনো সাতটি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী বলেন, জাপান গার্ডেন সিটি ডিপিডিসির ৩৩ কেভি পর্যায়ের গ্রাহক। মঙ্গলবার থেকে জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, পরে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ নিজস্ব উপকেন্দ্র সচল করার চেষ্টা করলেও সফল হয়নি। বাসিন্দাদের অনুরোধে ডিপিডিসি নিজ উদ্যোগে বিদ্যুৎ সরবরাহ চালুর উদ্যোগ নেয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ত্রুটি মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়। তবে কয়েকটি ভবনের অভ্যন্তরীণ ত্রুটির কারণে সেখানে এখনো বিদ্যুৎ দেওয়া যায়নি।
জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে সমস্যাটা দীর্ঘ হয়েছে। বিদ্যুৎ না থাকায় কোন ভবনে কী সমস্যা, সেটাও বোঝা যায়নি। বিদ্যুৎ আসার পরে কয়েকটি ভবনে আবারও সমস্যা দেখা দেয়। আমরা আশা করছি, এ ধরনের সমস্যা পরে আর হবে না। একটি টিম গঠনের কাজ চলছে, যারা পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা সমাধানে তৎপর থাকবে।’
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য