ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগের পাশাপাশি গোয়েন্দা বিভাগও অংশ নেয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬১ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ৮৮ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে দুইজনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে মাদক, দেশীয় অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৩ গ্রাম হেরোইন। এছাড়া একটি মিশুক, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য