• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আগৈলঝাড়া থানায় হামলার নিন্দা জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৭:১৭ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়া থানায় গুজবকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, গত ৮ জুলাই বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশ বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলাও রয়েছে এবং গ্রেপ্তারের সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন।

বিবৃতিতে বলা হয়, থানা হাজতে থাকার সময় মাদকের প্রভাবে রিয়াজ ফকির নিজেই নিজের মাথায় আঘাত করে রক্তাক্ত হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরদিন ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব তার এলাকায় ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, গুজবের ভিত্তিতে সংঘটিত এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই হুমকি নয়, বরং দেশে গড়ে ওঠা নব্য মব সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার প্রক্রিয়া ও জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি এবং প্রচলিত আইনে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করে আগৈলঝাড়া থানা পুলিশ শুধু আইনগত দায়িত্বই পালন করেনি, মানবিকতারও পরিচয় দিয়েছে।

সংগঠনটির মতে, গুজব ও উসকানির মাধ্যমে সংঘবদ্ধ হামলা কিংবা মব সংস্কৃতি মূলত পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কোনো স্বার্থান্বেষী মহল বাংলাদেশ পুলিশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মিথ্যা তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে আইনকে সম্মান করতে হবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে এবং যেকোনো অভিযোগ বা অসন্তোষের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণ করতে হবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, সংযম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও একই প্রত্যয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমান
বন্যার্তদের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ: সেতুমন্ত্রী