বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে সতর্কতা

বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক অঞ্চলের বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ভেন্যুটি নিউইয়র্কের কাছাকাছি হওয়ায় বায়ুদূষণের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কের আকাশে ছড়িয়ে পড়েছে। এতে শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তরাই নয়, সুস্থ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তিনি সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার এবং শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেন।
দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি জানান, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর। তাই প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
দাবানলের ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিপুল দর্শকের সমাগমের মধ্যেও বায়ুদূষণ বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য