ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তিনি জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
ভিওডি বাংলা/আ









মন্তব্য