অস্ত্র মহড়ার আসামি বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে কামাল হোসেন বুলুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসভাপতি সরকার আজরেফ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন উদ্দিনের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
এর আগে ফাইজা বাটন অ্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়। ওই মামলায় কামাল হোসেন বুলুকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে পলাতক।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার আসামি কামাল হোসেন বুলুকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য