• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিবন্ধকতা জয় করে পরীক্ষার হলে আফিয়া

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৩ জুলাই ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী আফিয়া জিন্নাত (১৭)। হাঁটতে পারেন না, তাই স্কুল-কলেজের পুরো শিক্ষাজীবন কেটেছে হুইলচেয়ারে। নানা প্রতিকূলতাকে জয় করে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন বাবার কাঁধে চড়ে কেন্দ্রে এসে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেন আফিয়া।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের আব্দুল ওয়াদুদ ও মুর্শিদা বেগমের মেয়ে। জন্মগত প্রতিবন্ধকতার কারণে ছোটবেলা থেকেই হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। সব বাধা পেরিয়ে গৌরীপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর আগে মাওহা ইউনিয়নের খলতবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।

পরীক্ষা শেষে হাসিমুখে আফিয়া বলেন, ‘জীবনে আমার অনেক স্বপ্ন। প্রতিবন্ধকতা জয় করে অবশ্যই কিছু একটা করতে চাই।’

মা মুর্শিদা বেগম জানান, ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীত—কোনো কিছুই তাদের থামাতে পারেনি। প্রতিদিন হুইলচেয়ারে করেই মেয়েকে কলেজে নিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার মেয়ের একদিনও কলেজ বা প্রাইভেটে অনুপস্থিতি ছিল না। ওর ইচ্ছাশক্তিই আমাদের এগিয়ে চলার শক্তি।’

দীর্ঘদিন প্রবাসে থাকা বাবা আব্দুল ওয়াদুদ বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়ের অনুমোদন পেতেও তাকে অনেক চেষ্টা করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি চাই আমার মেয়েটা জীবনের এই লড়াইয়ে জয়ী হোক। ওর অদম্য ইচ্ছাশক্তিই আমাকে অনুপ্রাণিত করে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

গৌরীপুর মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব আবু সিদ্দিক জানান, নিয়ম অনুযায়ী আফিয়ার জন্য নিচতলায় আসনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা বোর্ডের অনুমোদন অনুযায়ী অতিরিক্ত সময়েও তিনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কেন্দ্র পরিদর্শক কবীরুল আলম ও শাহজাহান সিরাজ জানান, পরীক্ষাকালে আফিয়ার প্রতি বিশেষ নজর রাখা হয়েছিল। তিনি নির্বিঘ্নে ও ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন করেছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাকে কলাবাগানে নিয়ে হত্যা করে ছেলে
ছবি: সংগৃহীত
মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ
প্রতীকী ছবি
বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২