'আর্জেন্টিনা শুধু দল নয়, কোটি মানুষের আবেগ'

আর্জেন্টিনার জয়ে বরাবরের মতোই উচ্ছ্বাস শোবিজ অঙ্গনে। আমেরিকায় প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা চলাকালীন সময়ের ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।
রোববার (১২ জুলাই) অভিনেত্রী নাদিয়া আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেইজে সে সময়ের ছবিও পোস্ট করে লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ, এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনাল জিতল।’

এর আগে আরেকটি দীর্ঘ পোস্টে নাদিয়ার আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের দীর্ঘ পথচলা তুলে ধরেন। দলের হাজারো হৃদয় ভাঙা মুহূর্তে ছেড়ে না যাওয়ার গল্প লেখেন।
নাদিয়া লেখেন, ‘আমরা যারা আর্জেন্টিনার ফ্যান… ২০২২ এর আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়।’
তিনি আরও লেখেন, ‘আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্খিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।’
আর্জেন্টিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকে অভিনেত্রী লেখেন, ‘আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই আমাদের ভেঙে দেওয়া এত সহজ নয়।’
সবশেষে এই গুণী অভিনেত্রী লেখেন, ‘আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করব। ২০২১ এর কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলি তে আছে অনেক অনেক সফলতার গল্প… তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটু ও ছোট করতে পারবে না।’
নাদিয়ার মতে, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, কোটি সমর্থকের আবেগের প্রতীক। তাই এই সমর্থকদের ঐক্য ভাঙা সহজ নয়।
ভিওডি বাংলা/তা








মন্তব্য