ইবিতে তেসরা বৈশাখ নববর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইবি প্রতিনিধি:
বাঙালির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী বুধবার (১৬ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
রোববার (১৩ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমান ও সদস্য-সচিব মো. শামীম আকতারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন বেলা ১১ টায় র্যালি এবং দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে যে, ভাইস-চ্যান্সেলর মহোদয় কর্তৃক আদিষ্ট হয়ে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী ৩ বৈশাখ, ১৪৩২ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার বাংলা বর্ষবরণ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিভাগকে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, ১১:০০ টায় প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শেষে ‘বাংলা মঞ্চ’- এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ১ বৈশাখ (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী ৩ বৈশাখ নববর্ষ পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম /এম







