অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য মি. উনো ইয়োশিমাসাকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।
সড়ক ও সেতু মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। একটি সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জাপানের মতো উন্নয়ন সহযোগী দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
ভিওডি বাংলা/এএইচএস/এমএস









মন্তব্য