দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের পুনরায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি জানান, আগে অলাভজনক বিবেচনায় এ রুটের ফ্লাইট বন্ধ করা হয়েছিল। এবার প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
মন্ত্রী আরও বলেন, এই বিমান সেবা শুধু যাত্রী পরিবহনের মাধ্যম নয়, বরং বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি রুট চালু করা নয়, এর মাধ্যমে জাপানের সঙ্গে সম্পর্ক ও অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া। প্রবাসীদের সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নারিতা রুটে ফ্লাইট চালু করা হয়েছে। বর্তমানে বিমানের উড়োজাহাজ সংকট রয়েছে। তবে ২০৩৪ সালের মধ্যে বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ জন্য ১০টি উড়োজাহাজ ইজারা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য