• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহ। ফাইল ছবি। ছবি: সংগৃহীত
হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহ। ফাইল ছবি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ হামলাকে ‘গুরুতর উসকানি’ আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সরাসরি বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হুথি-নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার গভীর রাতে হোদাইদাহে একাধিক হামলা চালানো হয়। তাদের ভাষ্য, এ হামলার মাধ্যমে সৌদি আরব নতুন করে সংঘাতকে আরও তীব্র করার পথ বেছে নিয়েছে। এজন্য রিয়াদকে ‘মারাত্মক পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে তারা।

হুথি-সমর্থিত টেলিভিশন আল মাসিরাহ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা। একই সঙ্গে লোহিত সাগরের কামারান দ্বীপেও হামলার খবর দিয়েছে তারা। ওই হামলায় অন্তত একজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হোদাইদাহ বন্দরকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক উত্তেজনার জন্য দায়ী হুথি বিদ্রোহীরাই। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর তাদের হামলাকে তিনি ‘বেপরোয়া’ ও ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন।

তার ভাষ্য, হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে। হুথিরা যদি তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।

হোদাইদাহ ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। বিশেষ করে হুথি-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে খাদ্য, জ্বালানি, ওষুধসহ অধিকাংশ বাণিজ্যিক পণ্য এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা এই বন্দর দিয়েই প্রবেশ করে। ফলে বন্দরটিকে কেন্দ্র করে যেকোনো সামরিক উত্তেজনা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত বুধবার লোহিত সাগরে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হুথিরা। তাদের অভিযোগ, ওই জাহাজগুলো দুই দিন আগে ঘোষিত নৌ-অবরোধ অমান্য করেছিল। হামলায় অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়।

এর আগে ২০ জুলাই লোহিত সাগরের ওই নৌপথে অবরোধ ঘোষণা করে হুথি গোষ্ঠী। তাদের ভাষ্য, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিয়াদ-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার অবশ্য বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করায় ওই অভিযান চালানো হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল, তার কার্যত অবসান ঘটেছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান বিচারপতি সূর্য কান্ত। ছবি: সংগৃহীত
‘ককরোচ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দাদের দাবি ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭