বিএসএফ ক্যাম্পে জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত দুই সহকর্মী
ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে এক জওয়ানের এলোপাতাড়ি গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মালদার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত কনস্টেবল শিবম কুমার মিশ্রার বিরুদ্ধে আগের একটি অভিযোগে কোর্ট-মার্শাল চলছিল। এ কারণে তাকে হেফাজতে রাখা হয়েছিল। হেফাজতে থাকা অবস্থায় তিনি এক প্রহরীর কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান।
এ ঘটনায় ঘটনাস্থলেই কনস্টেবল বিকাশ শর্মা ও কনস্টেবল সুরজ সিং নিহত হন। আহত হন হেড কনস্টেবল মুকেশ কুমার।
পরে অন্য জওয়ানরা অভিযুক্তকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করেন। আহত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএফ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত মানসিক চাপে ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে কোর্ট-মার্শাল চলছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য