দুর্গন্ধের পর বন্ধ ঘরে মিলল ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মেসের অন্য বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের একটি দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পাওয়ার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/আ








মন্তব্য