প্রকৃতি রক্ষা না করলে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ডিএসসিসি প্রশাসক

প্রকৃতিকে রক্ষা না করলে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় নদী, গাছ, বন্যপ্রাণী থেকে শুরু করে প্রকৃতির প্রতিটি সৃষ্টিকে সংরক্ষণ করতে হবে। মানুষ প্রকৃতির ওপর নির্বিচারে হস্তক্ষেপ করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এর বিরূপ প্রভাব মানুষের ওপরই ফিরে আসছে।
তিনি বলেন, ঢাকা শহরকে অপরিচ্ছন্ন ও বসবাসের অনুপযোগী করে তুলেছে নগরবাসীর অসচেতনতা। সকালবেলায় শহর পরিষ্কার থাকলেও দিনের সঙ্গে সঙ্গে মানুষের কারণেই আবর্জনা বাড়তে থাকে। নদী রক্ষায় সাইনবোর্ড লাগানোর কয়েক দিনের মধ্যেই তা উধাও হয়ে যাওয়ার ঘটনাও জনগণের একাংশের দায়িত্বহীনতার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। তিনি পরিবেশকর্মীদের উদ্দেশে বলেন, ঢাকা শহরকে বাঁচাতে যেকোনো কার্যকর উদ্যোগে তিনি পাশে থাকবেন।
আবদুস সালাম বলেন, ধোলাই খালসহ রাজধানীর অসংখ্য খাল ভরাট ও কভার্ড ড্রেনে রূপান্তর, পুকুর ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে জলাবদ্ধতা প্রকট হয়েছে। বৃষ্টির পানি ধারণের সুযোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরজীবন স্থবির হয়ে পড়ছে। এ ছাড়া ভূগর্ভস্থ পানির স্তরও আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে।
তিনি বলেন, নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও দেশের নৌপরিবহন ব্যবস্থা ধ্বংসের মুখে, একই সঙ্গে রেলব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। ঢাকা শহরের চারপাশে নৌপরিবহন পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান।
পলিথিনকে রাজধানীর পরিবেশের অন্যতম বড় শত্রু উল্লেখ করে আবদুস সালাম বলেন, পলিথিন নিয়ন্ত্রণ করা না গেলে ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না। একই সঙ্গে আরও বেশি গাছ লাগানো, নদী-খাল-পুকুর সংরক্ষণ এবং ছাদবাগান ও নগর কৃষি সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।
তিনি জানান, পরিবেশবিদদের নিয়ে ঢাকা শহরকে সবুজ ও বাসযোগ্য করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
আবদুস সালাম বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব। তিনি পরিবেশ রক্ষায় নাগরিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃতির কাছে ফিরে আসা ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য