পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানির ব্যবস্থা হবে: আমিনুল হক

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূর করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দু'টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপ দু'টির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্যাম্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-১৬ আসনের আওতাধীন প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে পর্যায়ক্রমে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে এসব এলাকায় বছরজুড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রমও চালু রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং জনসচেতনতা-এসব বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। উর্দুভাষী জনগোষ্ঠীর মৌলিক সেবাগুলো নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
আমিনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পে বিশুদ্ধ পানির সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি তিনি বিভিন্ন সভা-সেমিনারে তুলে ধরেছেন। এসব এলাকার মানুষের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিশুদ্ধ পানির অভাবে তাদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, আবার অনেকে অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হয়েছেন। নতুন গভীর নলকূপ চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।
বাসিন্দাদের ভাষ্য, নিরাপদ পানির সহজলভ্যতা শুধু দৈনন্দিন প্রয়োজন মেটাবে না, পানিবাহিত রোগের ঝুঁকিও কমাবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা চালু হলে স্বল্প আয়ের পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য