‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা

ব্রিটেনের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন অধ্যায়। ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্ব পাওয়ার পর তিনিই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) অ্যান্ডি বার্নহ্যামের লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মেকারফিল্ডের এই সংসদ সদস্য আগামী সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এরপর বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।
দলের নতুন নেতা হিসেবে ঘোষণার পর মঞ্চে ওঠেন বার্নহ্যাম। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। প্রথম বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’।
বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বার্নহ্যাম বলেন, এটি তার জীবনের একটি বিশেষ মুহূর্ত। তিনি জানান, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন লক্ষ্য নিয়ে দেশ ও দলের জন্য কাজ করতে চান।
নিজের রাজনৈতিক জীবনের সীমাবদ্ধতার বিষয়ও খোলাখুলিভাবে তুলে ধরেন লেবার পার্টির নতুন নেতা। তিনি বলেন, সব সময় সবকিছু নিখুঁতভাবে করতে পারেননি। যেসব ক্ষেত্রে ঘাটতি ছিল, সেগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণ এবং দলের স্বার্থে সব সময় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
আগামীর পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বার্নহ্যাম বলেন, তিনি নিজের বিশ্বাস ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট। লেবার পার্টির নেতা এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য