• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরান কখনোই যুদ্ধ চায়নি: ইরান স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৪:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান। তবে একই সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ চলমান সংঘাতকে দেশের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করলেও জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতির পথ খোলা রাখার কথা বলেছেন।

বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি ফোনকল এসেছে এবং ইরান বৈঠক করতে চায়। তবে ফোনটি কার পক্ষ থেকে এসেছে কিংবা সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু কী—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনা শুরু হবে কি না, সেই সিদ্ধান্ত ওয়াশিংটন নেবে।

একই দিন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান বৈঠক করতে চায়। এখন দেখা যাক, কোনো চুক্তি হয় কি না।’ পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইরানের খার্গ দ্বীপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছেন।

এ ছাড়া, ইসলামিক স্টেটবিরোধী অভিযানের মতো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

অন্যদিকে, এক বিবৃতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্য যদি ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন এবং দেশকে বিভক্ত করা হয়, তাহলে এই সংঘাত ইরানের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না। তবে আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও আলোচনার পথও খোলা রাখতে হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে ব্যবহৃত ইরানের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে দ্বিতীয় দফা হামলা চালানো হয়েছে। এর আগে প্রায় ৯০ মিনিটের এক অভিযানে গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করে যুক্তরাষ্ট্র।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ মার্কিন হামলা শুরুর পর এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা
ছবি: সংগৃহীত
ইরানের হুঁশিয়ারি হরমুজের পাশাপাশি অন্যান্য বাণিজ্যপথও বন্ধ করে দেব
ফাইল ছবি
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ, দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী