সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

দেশজুড়ে কয়েকদিন ধরে চলমান বৃষ্টির মধ্যেই নতুন করে ৮ জেলার জন্য ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। একই সময়ে নোয়াখালীর মাইজদীকোর্টে ৬৬ মিলিমিটার, কুমিল্লায় ৪৯ মিলিমিটার, সিলেটে ৩৪ মিলিমিটার, নেত্রকোণায় ২৫ মিলিমিটার, লক্ষ্মীপুরের রামগতিতে ১৯ মিলিমিটার, বরিশালে ১৮ মিলিমিটার এবং বগুড়ায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী সময়ের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য